আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে এই মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমেদের মনোনয়নপত্র যাচাই করে তা সঠিক পাওয়া গেছে এবং তিনি এখন এই নির্বাচনে একজন বৈধ প্রার্থী। তিনি আরও জানান, ১১ দলীয় ঐক্য এই নির্বাচনে অংশ নিচ্ছে। অলি আহমেদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।
আব্দুল বাতেন বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় কোনো মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। এছাড়া অলি আহমেদের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় পর এমন একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা আরও স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারতেন বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এদিকে, বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আজ দুপুর ১২টায় যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।

