ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে ভুল্লি থানা এলাকায় পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম শ্যামল রায় ও জাহিদুর রহমান। ডিবি পুলিশ জানিয়েছে, তাঁরা এলাকায় ক্যাসিনো মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন। ভুল্লি থানার শুকানপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ তাঁদের কাছ থেকে ক্যাসিনো খেলার কাজে ব্যবহৃত ১০০টি সিমকার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

