শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা শিল্প খাতকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, দেশে পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেন ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের কারণ জানতে চেয়েছেন।
গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে মজিবুর রহমান মঞ্জু বলেন, এই মৃত্যুর জন্য কারা দায়ী, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় কারা জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার কথা নয়। অথচ স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতির খবরও পাওয়া যাচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করে। একই ভুল অতীতে আওয়ামী লীগও করেছিল বলে তিনি মন্তব্য করেন।
পোশাকশিল্পের স্বার্থ ও শ্রমিকের অধিকার পরস্পরবিরোধী নয় উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, শ্রমিকদের অবশ্যই ন্যায্য মজুরি দিতে হবে। একই সঙ্গে শিল্পের উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান রক্ষা করাও জরুরি। আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে থাকা পোশাকশিল্প রক্ষায় শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
মজুরি বোর্ড গঠন ও সরকারের উদ্যোগের সমালোচনা করে মজিবুর রহমান বলেন, ১৫ অক্টোবর মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করতে ১ নভেম্বর পর্যন্ত সময় লেগেছে। এরপর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক অসন্তোষ যখন বাড়ছে, তখন কার্যকর আলোচনা ও সমাধানের উদ্যোগ নিতে দীর্ঘ সময়ক্ষেপণ সরকারের সংকট মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলে। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান।

