ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা দিলেন শি জিনপিং

সাত বছর পর প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। এই বৈঠকে বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন যে, চীন দিল্লি-বেইজিং সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে। তিনি আরও বলেন, দুই দেশ একে অপরের শক্তি ও সক্ষমতা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে অভিন্ন উন্নয়ন অর্জন করতে সক্ষম। ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রেও চীন ও ভারতকে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্রিকস শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের ইতিবাচক বক্তব্যের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান মোদি। এছাড়া ভারতের ব্রিকস সভাপতিত্বকালে চীনের কাছ থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।