রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। বর্তমানে অধিকাংশ সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আবার কিছু সবজির দাম ২০০ টাকাও ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির চড়া দামে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা এবং গাজর ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এছাড়া বেগুন, বরবটি, করলা, ঝিঙা, কাঁকরোল ও কচুর লতির মতো নিত্যপ্রয়োজনীয় সবজিগুলো ৮০ থেকে ১২০ টাকার মধ্যে কিনতে হচ্ছে।
তবে তুলনামূলক কম দামে কিছু সবজি পাওয়া যাচ্ছে। এর মধ্যে কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির কোনো ঘাটতি নেই, কিন্তু কার্যকর তদারকির অভাবে ব্যবসায়ীরা অস্বাভাবিক দাম নিচ্ছেন। অনেকে প্রয়োজনের তুলনায় কম সবজি কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি ও উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে এই প্রভাব পড়েছে।
সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভুক্তভোগী ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদার করা হলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব।

