মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পরদিনই ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। আগামী ৪ নভেম্বর এই হামলা চালানো হতে পারে বলে পারস্য উপসাগরীয় আরব মিত্রদের সতর্ক বার্তা পাঠিয়েছে মার্কিন প্রশাসন। সম্ভাব্য এ সামরিক পদক্ষেপের বিষয়ে প্রস্তুত থাকতেও তাদের অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউকে বিষয়টি নিশ্চিত করে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী আক্রমণটি স্বল্পস্থায়ী হলেও তা হবে অত্যন্ত তীব্র। সম্ভাব্য এই পদক্ষেপের জবাবে ইরানও পাল্টা হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সংঘাত এড়াতে ও উত্তেজনা প্রশমনের জন্য আহ্বান জানাচ্ছে।

উপসাগরীয় এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ইরানে সামরিক অভিযান পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কয়েকটি আরব দেশ। এমন পরিস্থিতি তৈরি হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে সরাসরি নতুন কোনো সামরিক হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো অভিযান না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সম্ভাব্য এ সামরিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএসনাউকে জানান, সংবেদনশীল কোনো সামরিক পরিকল্পনা বাস্তবে থাকুক বা না থাকুক, সে বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করে না। তিনি আরও উল্লেখ করেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের পথই খোলা রেখেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে সামরিক পদক্ষেপের আশঙ্কার মুখে ওয়াশিংটনকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে শত্রুপক্ষের যেকোনো সামরিক হুমকির তাৎক্ষণিক জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন খামেনি। এ ক্ষেত্রে পাল্টা আঘাত হানার জন্য কোনো ধরনের ‘ভৌগোলিক সীমাবদ্ধতা’ মানা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণের মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূচনা হয়। প্রায় আট মাস ধরে চলা এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। হু হু করে জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রবল নেতিবাচক প্রভাব পড়েছে।