সৌদি আরবে প্রবেশের সুবিধাযুক্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন কার্যকর থাকলেও, এখন থেকে ভিসা থাকলেই সরাসরি দেশটিতে প্রবেশ করা যাবে না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের সৌদি আরবে ভ্রমণের পূর্বে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে। জুলাই মাসে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকে। এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা গেলেও, পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে। প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার বেশি হতে পারবে না।
এছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে মিল থাকতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে। প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে। এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে এবং দেশ ছাড়ার সময় ভ্রমণের তথ্য হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের অনুমোদিত মোট অবস্থানের কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে। অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না; প্রতিবার ওমরাহ পালনের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক।

