নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার কোনো তথ্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই পুলিশ সদস্যরা সাদা পোশাকে ওই এলাকায় গিয়েছিলেন। তখনই দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং হামলাকারীদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

