মানবিক কার্যক্রমের পরিধি বাড়ানো এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে গত এক বছরে চট্টগ্রাম জেলা প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
জেলা প্রশাসক জানান, ভূমিসেবা সহজীকরণের অংশ হিসেবে সহায়তা কেন্দ্রগুলোকে অনলাইনভিত্তিক করা হচ্ছে। এছাড়া প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রবাসীদের জন্য নিয়মিত অনলাইন গণশুনানির ব্যবস্থাও চালু রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অনলাইনে ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে চট্টগ্রাম বর্তমানে দেশের সব জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে। এছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন এবং ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতা সিজন-২ এ দেশের সর্বোচ্চ রেজিস্ট্রেশন করার মতো সাফল্যও অর্জন করেছে চট্টগ্রাম জেলা।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার কাজকে অন্যতম আলোচিত উদ্যোগ হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক। ওই এলাকার নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারপ্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর চিকিৎসায়ও জেলা প্রশাসন সহায়তা প্রদান করেছে। পরিবেশ সুরক্ষায় ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। একইসাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ, বন্যা মোকাবিলা, পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু নিধনে বিশেষ ক্যাম্পেইন ও জেলাজুড়ে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ডিসি জানান, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। উৎসবের সংস্কৃতিতে ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ প্রতিপাদ্যে ফেস্টিভ সেল কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় জিরো পয়েন্ট সংস্কার, সার্কিট হাউজ আধুনিকায়ন, ডিসি বাংলোতে আধুনিক মসজিদ নির্মাণসহ জেলা স্টেডিয়াম গ্যালারি ও প্যাভিলিয়ন আধুনিকায়ন করা হয়েছে। একইসাথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘স্বজন’ নামে ওয়ান টু ওয়ান ইন্টারকম, ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব এবং ডিসি হিলে নজরুল স্কয়ার ও আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপন করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ নগরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

