সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল

জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের জন্য সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও আকরাম হোসেন সিএফকে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে, রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। এনসিপি প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই হবে জাতীয় ঐক্যের মূল ভিত্তি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত আলোচনার ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু হয়েছে, যার প্রথম দল হিসেবে এনসিপি সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসেছে।

সংলাপে এনসিপির পক্ষ থেকে কী বলা হবে, তা রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মূলত প্রধানমন্ত্রী কী চাইছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন এবং পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন, তা তারা শুনতে চাইবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, "আমাদের জায়গা থেকে আমরা তাঁকে (প্রধানমন্ত্রী) সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।"