সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর উদ্যোগ নেয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জন্য প্রধান বিচারপতিকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন ব্যারিস্টার খোকন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তিনি।

বিচার বিভাগের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বার সভাপতি বলেন, আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি প্রধান বিচারপতির সাথে এক শুনানিতে উদ্ভূত পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ব্যারিস্টার খোকন মন্তব্য করেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।