রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ছয় জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি-মিরপুর বিভাগের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। চক্রের মূল রহস্য উদঘাটন এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় ডিবির মিরপুর বিভাগের একটি দল গোপন সংবাদ পায় যে, শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে অবস্থান নিয়ে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ছয় জনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, ৩ দশমিক ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকি-টকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

