ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা ও রেলপথের দাবি শফিকুল মাসুদের

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত নতুন রাস্তা ও রেলপথ নির্মাণের দাবি জানিয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর উদ্যোগে আয়োজিত “আগামী বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এই দাবি উত্থাপন করেন।

সেমিনারে সড়কপথের বেহাল অবস্থার কথা তুলে ধরে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভাঙ্গা পার হওয়ার সময় চালকরা প্রায়ই বলেন যে জায়গাটির নাম যেমন ভাঙ্গা, রাস্তার অবস্থাও তেমনি। তিনি বলেন, গাড়ির চাপ বাড়ার কারণে যাত্রীদের জীবনের নিরাপত্তাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রীরা বাসে ব্রেক চাপার সময় ভয়ের কারণে নিজেরাও পা দিয়ে চেপে ধরে রাখেন, যা অত্যন্ত পীড়াদায়ক। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি সরকারের কাছে দক্ষিণাঞ্চলের জন্য এই রাস্তা ও রেলপথের দাবি জানান।

একই অনুষ্ঠানে বাউফলের লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রী তাকে কথা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরেই এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উত্থাপিত ১০ দফা দাবির সাথে তিনি ব্যক্তিগতভাবে একাত্মতা পোষণ করেছেন এবং একজন বরিশালবাসী হিসেবে এই দাবিগুলো বাস্তবায়নে জাতীয় সংসদের ভেতরে ও বাইরে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিডিজেএ সভাপতি মাহবুব সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সানবীর রুবেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জেবেল সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূরুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।