ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা কর ফাঁকির চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটি সাঈদ খোকন পরিবারের ব্যাংক হিসাবের প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার লেনদেন ও প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই অনিয়মের প্রমাণ পেয়েছে।
তদন্ত অনুযায়ী, সাঈদ খোকন কাগুজে কোম্পানি খুলে দুর্নীতি, টেন্ডারবাজি ও জবরদখলের মাধ্যমে উপার্জিত অর্থ সেসব কোম্পানির অ্যাকাউন্টে জমা রাখতেন। সময়-সুযোগ বুঝে সেই অর্থ অস্ট্রেলিয়ায় পাচার করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। এছাড়া কর ফাঁকি দিতে গুলশান ও বনানীতে নামে-বেনামে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। সাঈদ খোকন, তার মা, স্ত্রী এবং নিজে মিলে ১৪০ কোটি টাকা অপ্রদর্শিত অর্থ বৈধ বা সাদা করেছেন।
আয়কর গোয়েন্দার তথ্যমতে, ব্যক্তি সাঈদ খোকন ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ করবর্ষে অন্তত ৯৪ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। এই সময়ে তিনি স্থাপনা ভাড়া থেকে ২০ কোটি টাকা আয় কম দেখিয়েছেন। এছাড়া মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাবের সুদ থেকে ৭ কোটি ১৩ লাখ টাকা, শেয়ারবাজারের ১০ কোটি ৩৮ লাখ টাকার রিয়েলাইজড গেইন এবং অকৃষি জমিতে ৬২ কোটি টাকা বিনিয়োগের তথ্য আয়কর রিটার্নে গোপন করেছেন। এছাড়া মেয়াদি আমানত, সঞ্চয়ী এবং চলতি হিসাবে ২৩০ কোটি টাকা থাকলেও তা রিটার্নে উল্লেখ করেননি তিনি।
সাঈদ খোকন বনানীর কামাল আতাতুর্ক রোডের (বাড়ি- ৬৭বি এবং ৬৮, রোড-১৯ এবং ২১, ব্লক-বি) ‘অটোগ্রাফ’ নামে ১৯ তলার একটি বাণিজ্যিক ভবন নির্মাণে আয়কর নথিতে ৫১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় দেখালেও গণপূর্ত অধিদপ্তরের মতে সেখানে অন্তত ১১০ কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ ৫৯ কোটি টাকার বিনিয়োগ তথ্য তিনি লুকিয়েছেন। একইভাবে গুলশান-২ এ (বাড়ি নং ৪-জি, রোড নং-১০৪) নিজস্ব ডেভেলপার কোম্পানি দিয়ে ‘ওকউড’ নামে ১৪ তলা ভবন নির্মাণেও ব্যয় গোপন করেছেন তিনি।
২০২০-২১ করবর্ষে সাঈদ খোকন নিজে ৫ কোটি টাকা কর দিয়ে ৫০ কোটি টাকা এবং তার মা ৫ কোটি টাকা জমা দিয়ে ৫০ কোটি টাকা সাদা করেছেন। ২০২১-২২ করবর্ষে তার স্ত্রী ৪ কোটি টাকা দিয়ে ৪০ কোটি টাকা সাদা করেছেন। সব মিলিয়ে সাঈদ খোকন পরিবার ২৯৬ কোটি ৮৬ লাখ টাকা কর ফাঁকি দিয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের ৯৪ কোটি ২০ লাখ, স্ত্রীর ৪৯ কোটি ৯৫ লাখ, মায়ের ৪০ কোটি ৮৯ লাখ, বোনের ১৮ কোটি ৮০ লাখ, সাঈদ খোকন প্রোপার্টিজের ৭৩ কোটি ৩২ লাখ এবং আরা হসপিটালিটির ১৯ কোটি ৬৮ লাখ টাকা কর ফাঁকি রয়েছে।
গোয়েন্দারা সাঈদ খোকন প্রোপার্টিজ লিমিটেড, আরা হসপিটালিটি সার্ভিসেস লিমিটেড এবং ফোরএ প্রাইভেট লিমিটেড—এই তিনটি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাননি। ফোরএ প্রাইভেট লিমিটেড রিটার্ন দাখিল না করলেও ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত এর ব্যাংক হিসাবে ৩৬৭ কোটি টাকা, বন্ডে ৬১ কোটি এবং অন্যান্য হিসাবে ২৯ কোটি টাকা স্থিতি পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে, এনবিআরের সাবেক এক সদস্যকে কর পরামর্শক হিসেবে কাজে লাগিয়ে তিনি অত্যন্ত সুকৌশলে সম্পদ গোপন করেছেন। এছাড়া ব্যক্তিগত সহকারী আরমিনা সুলতানার সহায়তায় হুন্ডির মাধ্যমে অস্ট্রেলিয়ায় অর্থ পাঠিয়ে সেখানেও সম্পদ গড়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর থেকে এই তদন্ত শুরু হয় এবং এর আগে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ও স্বজনদের ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করেছিল।
পরিবারের কর ফাঁকি ২৯৭ কোটি টাকা : আয়কর গোয়েন্দার তথ্যমতে, সাঈদ খোকন পরিবার সব মিলিয়ে ২৯৬ কোটি ৮৬ লাখ টাকা কর ফাঁকি দিয়েছে। একা সাঈদ খোকনের কর ফাঁকির পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা। তার স্ত্রীর ৪৯ কোটি ৯৫ লাখ, মায়ের ৪০ কোটি ৮৯ লাখ, বোনের ১৮ কোটি ৮০ লাখ, সাঈদ খোকন প্রোপার্টিজের ৭৩ কোটি ৩২ লাখ এবং আরা হসপিটালিটির ১৯ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়া আয়কর নথিতে ৩টি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন সাঈদ খোকন। সাঈদ খোকন প্রোপার্টিজ লিমিটেড, আরা হসপিটালিটি সার্ভিসেস লিমিটেড এবং ফোরএ প্রাইভেট লিমিটেড-এই তিনটি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাননি গোয়েন্দারা। সাঈদ খোকন প্রোপার্টিজের অপ্রদর্শিত অর্থ ৫০৫ কোটি, আরা হসপিটালিটির ২৬৩ কোটি এবং ফোরএ প্রাইভেট লিমিটেডের ৪৫৭ কোটি টাকা। প্রথম দুটি প্রতিষ্ঠান কয়েক বছর রিটার্ন দাখিল করলেও ফোরএ প্রাইভেট লিমিটেড রিটার্ন দাখিল করে না। ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত ফোরএ’র ব্যাংক হিসাবে ৩৬৭ কোটি টাকা, বন্ডে ৬১ কোটি এবং অন্যান্য হিসাবে ২৯ কোটি টাকা স্থিতি পাওয়া গেছে।

