বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনের (৫৬) ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজন হক এই রিমান্ড আবেদনটি করেন।
তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, সরকার পতনের পরবর্তী সময়ে সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করে আসছিলেন। তদন্তে উঠে এসেছে যে, তিনি পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ব্যাপক পরিকল্পনা করছেন।
রিমান্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ, অন্য আসামিদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের বর্তমান অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারসহ অজ্ঞাতনামা আসামিদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এছাড়া তার আশ্রয়দাতাদের তথ্য এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়েও তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় সাঈদ খোকনকে ২৯ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ৫৯

