দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এবং দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হতে পারে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি ঢাকা ত্যাগ করবেন।