রাজশাহীতে নানা আয়োজনে পালিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বুধবার (৫ আগস্ট) পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সকালে নগরের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বিকালে মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, শহীদ সাকিব আঞ্জুমের বাবা মো. মাইনুল হক, শহীদ আলী রায়হানের বাবা মো. মুসলিম আলী এবং শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।

আলোচনা সভা শেষে ভূমিমন্ত্রী জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।