রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে রাজশাহী থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বদলির আদেশ জারির পর মঙ্গলবারই তিনি রাজশাহী ত্যাগ করেন।
বিভাগীয় কমিশনারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার পর রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মো. ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকায় প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় ইউসুফ আলী হাত মেলানোর জন্য প্রোটোকলের সারি ভেঙে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে এগিয়ে আসেন। রাষ্ট্রাচার বা প্রোটোকল ভেঙে তার এমন আচরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়।

