পিরোজপুরে বাসে অগ্নিকাণ্ড, ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। নিহত হেলপারের নাম মো. সিয়াম (২৫)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের বাসে ঘুমন্ত অবস্থায় থাকা চালক ও সহকারীদের ঘুম থেকে জাগিয়ে তোলে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে, ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, ভাণ্ডারিয়া একটি ট্রানজিট পয়েন্ট হওয়ায় বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক বাস অবস্থান করে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশপাশের বাসগুলো কালেমা চত্বরে এনে রাখা হয়েছিল। তবুও সেখানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশের টহল দল তৎপর থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে এক হেলপারের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।