মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখার সিনিয়র সহকারী ব্যবস্থাপক শরীফুজ্জামান সোহাগের বিরুদ্ধে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তিনি তার গ্রাহকদের জানান, কেউ এফডিআর করলে শতকরা ১১ টাকা হারে লাভ পাওয়া যাবে। এতে করে গ্রাহকরা তার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া শুরু করে। টাকা জমার বিপরীতে শরীফুজ্জামান তাঁদের জমা দেয়ার একটি রসিদও দিতেন। গত তিনদিন ধরে তিনি কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শুক্রবার ব্যাংকের বাইরে টানানো এক নোটিশে গ্রাহকদের ব্যাংকের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শুক্রবার ছুটির দিনেও ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংকের সামনে ভিড় করেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের হিসাবে তাদের জমাকৃত টাকার কোনো হদিস নেই। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত শতাধিক গ্রাহকের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা জমা না হওয়ার বিষয়টি উঠে এসেছে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহক ও আত্মসাৎকৃত অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। শরীফুজ্জামান গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই শাখায় কর্মরত ছিলেন এবং গ্রাহকদের সাথে তার বিশ্বস্ত সম্পর্ক তৈরি হয়েছিল।

ভুক্তভোগীদের মধ্যে বেজগাঁও এলাকার জুথি আক্তার প্রায় এক সপ্তাহ আগে সাত লাখ টাকা জমা দেন। টাকা তোলার জন্য বৃহস্পতিবার ব্যাংকে এসে জানতে পারেন, তাঁর হিসাবে ওই টাকা জমা হয়নি। এছাড়া ষোলঘর এলাকার শেখ উজ্জ্বলের স্ত্রী ৩ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন ১২ লাখ টাকা। আরেক ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, বাহাদুর নামে তাঁর সমন্দি ৮১ লাখ টাকা এবং তাঁর স্ত্রী রুজিনা বেগমের ২৭ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। পরে ব্যাংকে এসে তাঁরা দেখতে পান, সংশ্লিষ্ট হিসাবগুলোতে ওই টাকা নেই।

এদিকে, অভিযুক্ত শরীফুজ্জামানের মুঠোফোন নম্বরটি বর্তমানে ভুল বলে জানাচ্ছে সার্ভিস। একইসাথে ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শরিফুদ্দিনের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানিয়েছেন, ব্যাংকের সামনে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং গ্রাহকদের কাছে থাকা রসিদ ও ব্যাংকের নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখবে বলেও জানানো হয়েছে।