রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার একটি অফিসে ঢুকে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে। গত শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগকারী জয়নাল আবেদিন জানান, গত কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের অফিসটি দখলের পাঁয়তারা করছেন। তিনি আরও জানান, এই হামলার ফলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল হারিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ও প্রশাসনিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ঘটনার বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানস্থ ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে আলম নামের এক ব্যক্তি ওই জমিটি দখলে রেখেছিলেন। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে। তারা ভেতরে ঢুকে অফিসে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে। পুলিশ কর্মকর্তা আরও জানান, জমির মালিকানা নিয়ে উভয় পক্ষেরই নিজস্ব কাগজপত্র রয়েছে বলে তারা দাবি করছেন।
ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০-২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে।

