দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাবারের তালিকায় এবার নতুন আতঙ্ক হিসেবে যুক্ত হয়েছে মাইক্রোপ্লাস্টিক। রান্নার সয়াবিন তেল, চিনি এবং শিশুদের জন্য কেনা দুধের মতো মৌলিক খাদ্যপণ্যে অতি ক্ষুদ্র এই প্লাস্টিক কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা। দেশের তিনটি পৃথক গবেষণায় এই দূষণের প্রমাণ মিলেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গবেষকদের মতে, অজান্তেই প্রতিদিন হাজারো প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করছে।
জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশের বাজারে প্রচলিত সাত ধরনের ব্র্যান্ডেড ও খোলা চিনির ৯৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক রয়েছে। প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত কণা শনাক্ত হয়েছে। গবেষক সাদিয়া আফরিন, নায়ন হোসেন ও মোস্তাফিজুর রহমানের করা এই গবেষণায় দেখা যায়, ব্র্যান্ডেড চিনিতে গড়ে ৩২২টি ও খোলা চিনিতে ৪০৩টি কণা বিদ্যমান। উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, পরিবহণ এবং প্লাস্টিক প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ থেকে এসব কণা চিনির সাথে মিশছে বলে ধারণা করা হচ্ছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত কাঁচা দুধ, বাজারজাত তরল ও গুঁড়া দুধ এবং দুগ্ধজাত পণ্যের ৪১টি নমুনা পরীক্ষা করে প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন। এতে প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬.৬টি, কাঁচা দুধে ৯৩.৩৯টি এবং দুগ্ধজাত পণ্যে ৭০.৮টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। দুধ সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাত করার বিভিন্ন স্তরে এই দূষণ ঘটছে বলে গবেষকরা মনে করছেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরিবেশবিজ্ঞান বিভাগ পরিচালিত আরেকটি গবেষণায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ৬০টি সয়াবিন তেলের নমুনা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি লিটার তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি কণা পাওয়া গেছে, যার মধ্যে বোতলজাত তেলে ৪৮ হাজার ৬৭টি ও খোলা তেলে ৫৯ হাজার ৭৭৮টি কণা রয়েছে। বিশ্বখ্যাত জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে এপ্রিলে প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি শুধু সয়াবিন তেল থেকেই বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করছেন।
গবেষণায় পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পিইটি, নাইলন, পিভিসি, পলিইউরেথেন ও টেফলনসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পলিমার পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ফাইবার বা আঁশজাতীয় কণা, যা পোশাক, প্লাস্টিকের যন্ত্রপাতি, ফিল্টার, পাইপ কিংবা প্যাকেজিং উপকরণ থেকে খাদ্যে মিশতে পারে। যদিও গবেষণাগুলো নির্দিষ্ট কোনো রোগের সরাসরি কারণ হিসেবে মাইক্রোপ্লাস্টিককে চিহ্নিত করেনি, তবে দীর্ঘমেয়াদে শরীরে এসব কণা জমে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা এবং স্নায়বিক জটিলতার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, যেসব খাবারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তা মান নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণের মাধ্যমেই বাজারে এসেছে। তিনি এসব পণ্যের পুনরায় পরীক্ষা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ জানান, এই প্লাস্টিক কণা রক্তনালিতে প্রদাহ সৃষ্টি করে হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া হজম প্রক্রিয়ায় সমস্যা, উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়া এবং প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কাও রয়েছে।
এতে বলা হয়েছে, প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬ দশমিক ৬টি, কাঁচা দুধে ৯৩ দশমিক ৩৯টি এবং দুগ্ধজাত পণ্যে ৭০ দশমিক ৮০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষকদের আশঙ্কা, দুধ সংগ্রহ, পরিবহণ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাত করার বিভিন্ন ধাপেই প্লাস্টিক কণা খাদ্যে যুক্ত হয়েছে।

