গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাতে জয়দেবপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম (২৯) রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন মো. শরীফ মিয়া (৩৫), মো. সেলিম মিয়া (৫৫), রহিমা খাতুন (৪০) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)। তারা সবাই ময়মনসিংহ সদর থানার চরবওলা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের বানিয়ার চালা ও পিরোজআলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক আরিফুল ইসলাম ওই ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। ছাত্রীটি এতে সাড়া না দেওয়ায় শিক্ষক আরিফুল তাকে উত্যক্ত করতে শুরু করেন এবং একপর্যায়ে অপহরণের হুমকি দেন। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তারা শিক্ষককে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর সকালে ছাত্রীটি মাদ্রাসায় যাওয়ার পথে আরিফুল ইসলাম, তার ভাই শরীফ মিয়া, বাবা সেলিম মিয়া, মা রহিমা খাতুন এবং দেলোয়ার হোসেনের সহযোগিতায় তাকে জোরপূর্বক অপহরণ করেন।
ঘটনার পর থেকে মেয়েকে খুঁজে না পাওয়ায় তার পরিবার জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করে। বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, অপহরণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

