দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য ও দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ জনগণ প্রত্যক্ষ করেছে। সরকারের নেওয়া এসব কার্যক্রম জনগণের কাছে ইতিবাচকভাবে প্রশংসিত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও সুসংহত করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি মূলত দেশের জনগণই মূল্যায়ন করবে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের ছয় মাসের এই সময়ে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকট মোকাবিলা করতে হয়েছে, যা বর্তমান সরকার দক্ষতার সাথে সামাল দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে জ্বালানি ও গ্যাসের বৈশ্বিক সংকট তৈরি হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কৃষকদের স্বার্থে বোরো মৌসুমে দাম বাড়ানো প্রায় এক মাস স্থগিত রাখা হয়েছিল এবং পরবর্তীতে সহনীয় মাত্রায় তা সমন্বয় করা হয়।
গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকারের টেকসই পরিকল্পনার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন নিরসনে নতুন করে একাধিক এফএসআরইউ স্থাপনের জরিপ চলছে। আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের ফিরিস্তি দিয়ে তিনি জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় কর্মকর্তাদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মতো কল্যাণমূলক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে তিনি জানান, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি মজবুত মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকারের গত ১৮০ দিনের সামগ্রিক অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

