আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ প্রদান করেন। এর আগে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সুফল কুমার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।

গত ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা। জানা গেছে, দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কাউসারকে আদালতে আনা হয়েছিল। এজলাসে শুনানির পর সাক্ষী উপস্থিত না থাকায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরবর্তীতে তাকে পুনরায় হাজতখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।

২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ১৭ বছর বয়সী কিশোরী আলোকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়। নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। গ্রেপ্তারের পর কাউসার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ঘটনার কিছুদিন ধরে আলো তাকে এড়িয়ে চলতে শুরু করলে এবং অন্য যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে জানতে পেরে তিনি ক্ষিপ্ত হন। ঘটনার রাতে আলোর বাসার সামনে ওত পেতে থেকে বাথরুম থেকে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করেন কাউসার।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার কাউসারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়। এ মামলায় এখন পর্যন্ত নিহতের বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই অভিযুক্ত কাউসার কারাবন্দি ছিলেন।