প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ধরনের কোনো বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাংকটির কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও আসেনি।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে দেওয়া এক ব্যাখ্যায় ব্যাংক কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। ডিএসই কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের কাছে এই ব্যাখ্যা চেয়েছিল। ওই সংবাদে দাবি করা হয়েছিল যে, ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার এবং এর মাধ্যমে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা রাষ্ট্রের হাতে চলে যেতে পারে।
এর উত্তরে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ব্যাংকের ইকুইটিতে সরকারের বিনিয়োগের কোনো আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ব্যাংকটি আরও জানিয়েছে, যদি ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব তাদের কাছে আসে, তবে প্রচলিত নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে তা যথাযথভাবে জানানো হবে।

