মুসলিম বিশ্বের ইতিহাসের আলোচিত সাত প্রভাবশালী শাসক

ড. মুহাম্মদ মুরসি মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি এবং আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী নেতা ছিলেন। ১৯৫১ সালের ২০ আগস্ট শারকিয়া প্রদেশের আল-আদওয়া গ্রামে জন্মগ্রহণকারী মুরসি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইখওয়ানুল মুসলিমিনের এই নেতা ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সংবিধান সংস্কার ও ইসলামি মূল্যবোধের সঙ্গে গণতন্ত্রের সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা জটিলতায় ২০১৩ সালের ৩ জুলাই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং ২০১৯ সালের ১৭ জুন কারাবন্দি অবস্থায় আদালত কক্ষে মৃত্যুবরণ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইবরাহিম ১৯৪৭ সালের ১০ আগস্ট পেনাংয়ে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে ইসলামি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আনোয়ার পরবর্তীতে 'অ্যাংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া' (Angkatan Belia Islam Malaysia)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচিতি পান। ১৯৮২ সালে তিনি ক্ষমতাসীন UMNO দলে যোগ দেন এবং শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী (১৯৯৩-১৯৯৮) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে মাহাথির মুহাম্মদের সঙ্গে মতবিরোধের জেরে পদচ্যুত হওয়ার পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবন্দিত্বের মধ্য দিয়ে ২০২২ সালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার রাজনৈতিক দর্শনের মূলভিত্তি হলো দুর্নীতিবিরোধী শাসন, বহুত্ববাদী সমাজ ও ইসলামি নৈতিকতা।

তিউনিসিয়ার রশিদ আল-গান্নুশি আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামপন্থী চিন্তাবিদ। ১৯৪১ সালের ২২ জুন জন্মগ্রহণকারী এই নেতা আন-নাহদা আন্দোলনের প্রধান হিসেবে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়েছেন। ২০১১ সালের আরব-বসন্তের পর দেশে ফিরে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিউনিসিয়ার পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্রের সমন্বয়ের ধারণাকে বাস্তব রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য পরিচিত।

সৌদি আরবের কিং ফয়সাল বিন আবদুল আজিজ ১৯০৬ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে বাদশা হওয়ার পর তিনি শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে আধুনিক সৌদি রাষ্ট্র গড়ে তোলেন। ওআইসি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী এই শাসক ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল অবরোধ আরোপ করে বিশ্ব রাজনীতিতে অনন্য মর্যাদা পান। ১৯৭৫ সালের ২৫ মার্চ তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

ইরানের মাহমুদ আহমদিনেজাদ ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিধারী আহমদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন। তিনি দরিদ্র ও বঞ্চিত শ্রেণির প্রতিনিধি হিসেবে সামাজিক ভর্তুকি বৃদ্ধি ও পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষায় আপসহীন ছিলেন।

সুদানের দীর্ঘতম শাসক ওমর হাসান আহমদ আল-বশির ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা এই নেতা শরিয়া আইন বাস্তবায়নের প্রবক্তা ছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে। গৃহযুদ্ধ ও দারফুর সংকটের কারণে আন্তর্জাতিকভাবে বিতর্কিত এই নেতাকে গণআন্দোলনের মুখে ২০১৯ সালে ক্ষমতাচ্যুত করা হয়।

লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। নিজের বিখ্যাত 'গ্রিন বুক'-এর আদর্শে দেশ পরিচালনা করা গাদ্দাফি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে লিবিয়ার জীবনমান উন্নয়নে ভূমিকা রাখেন। ২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহের মুখে পতনের পর ২০ অক্টোবর তিনি নিহত হন।

আফগানিস্তানের মোল্লা মুহাম্মদ ওমর তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৫৯ বা ১৯৬০ সালে জন্মগ্রহণকারী এই নেতা ১৯৮০-এর দশকে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নেন। ১৯৯৪ সালে কান্দাহারে আন্দোলন শুরুর পর ১৯৯৬ সালে তিনি কাবুল দখল করেন। 'আমিরুল মোমিনিন' হিসেবে পরিচিত এই নেতা ২০০১ সালে সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এবং ২০১৩ সালে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন, যার খবর ২০১৫ সালে প্রকাশিত হয়।