সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের তথ্য নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্যবিদায়ী প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের কোনো ফোনালাপের সত্যতা পেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তারা কেবল সংবাদমাধ্যমে দেখেছেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সংবাদমাধ্যমে যারা এই খবর প্রকাশ করেছে, তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটি তাদেরই জিজ্ঞেস করতে হবে। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।

ইন্টারনেটের যুগে লন্ডন বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন ছাড়াই যেকোনো স্থান থেকে কথা বলা সম্ভব উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে ‘অলীক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, কথা বলার জন্য লন্ডনে যাওয়ার প্রয়োজন নেই, এখান থেকেও কথা বলা যায়।

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে তিনি আরও বলেন, মো. সাহাবুদ্দিন শারীরিক কারণে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে এর বিস্তারিত উল্লেখ রয়েছে। সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন এবং মাননীয় স্পিকার তা গ্রহণ করেছেন। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বভার অস্থায়ীভাবে স্পিকার গ্রহণ করেছেন। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী পক্ষ রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে, তবে এটি আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য নয়। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে তিনি স্বৈরাচারের শেষ সময় থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রায় পাঁচ-ছয় মাস সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং এ সময় তিনি রাষ্ট্রপতির পূর্ণ সহযোগিতা পেয়েছেন।