ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ সরকারের

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় জানানো হয়, দুর্যোগের পর উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমে দক্ষ জনবল হিসেবে কাজ করার জন্য এই এক লাখ স্বেচ্ছাসেবককে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। বর্তমানে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুত আরও ৩০ হাজার নতুন স্বেচ্ছাসেবককে এই তালিকাভুক্ত করা হবে।

বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়টিও সভায় নিশ্চিত করা হয়েছে।

সম্ভাব্য দুর্যোগকালে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার কৌশল এবং ঢাকায় মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্র (এইচএসএ) প্রতিষ্ঠার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সভার সিদ্ধান্তগুলোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।