জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সৌর বিদ্যুৎ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধাপে ধাপে সৌর প্যানেল বসানো হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারি স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এই প্রযুক্তি গ্রহণের আগ্রহ বাড়বে।
বৈঠকে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরে। উপস্থাপনায় উল্লেখ করা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া সৌর বিদ্যুতের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পাখা ও লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা করা সম্ভব বলে সভায় জানানো হয়।
সভায় ভোক্তাদের মধ্যে সৌর বিদ্যুৎ ব্যবহারের আগ্রহ বাড়াতে এর অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রতিষ্ঠানের সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ এবং ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সভায় অংশগ্রহণ করেন।

