দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি জোর দিয়ে বলেছেন যে, যুদ্ধবিরতির কথা বলা হলেও গাজা উপত্যকায় প্রকৃতপক্ষে গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোহরান মামদানি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু যখন নিউইয়র্ক সফর করেছিলেন, তখন তাকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের। নেতানিয়াহু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিউইয়র্কের মেয়র বলেন, যখনই তার কথা বলা হয়, তখনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ গণহত্যার মূল কারিগরের কথা সামনে চলে আসে।
গত সপ্তাহে নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবনে ফিলিস্তিনি কয়েকটি পরিবারের সদস্যদের আতিথেয়তা দিয়েছিলেন জোহরান মামদানি। সেখানে তিনি তাদের জীবন কীভাবে ভেঙে পড়েছে এবং তারা কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সে সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা শুনেছেন। মামদানি বলেন, ফিলিস্তিনিরা মূলত সব মানুষের মতোই সাধারণ কিছু বিষয় চাইছেন—একটি পরিবার, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন।
ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের তীব্র সমালোচনা করে নিউইয়র্কের মেয়র বলেন, যুক্তরাষ্ট্র সরকার শুধু যে ফিলিস্তিনিদের এসব অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে তা নয়, বরং তারা আর্থিকভাবেও এই পুরো প্রক্রিয়ায় সমর্থন জুগিয়ে যাচ্ছে।

