জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা ও অন্যান্য অভিযোগে সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া অভিযোগগুলো তদন্ত সংস্থায় পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। সোমবার মানবজমিনকে তিনি জানান, ট্রাইব্যুনালে দায়ের করা এই অভিযোগগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সংস্থা অভিযোগগুলো যাচাই-বাছাই ও অনুসন্ধান করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, একই দিন হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নিয়ন্ত্রণ নেয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। শিশির মনিরের মতে, আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো ধরনের দায়মুক্তির সুযোগ নেই।
আইনজীবী শিশির মনির আরও দাবি করেন, হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মো. সাহাবুদ্দিনের ভূমিকা স্পষ্টভাবে উঠে এসেছে। জেএমসি বিল্ডার্সের মাধ্যমে এই ব্যাংক দখলের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগটি এখন আলোচনায় রয়েছে।

