২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে এই আবেদনটি জমা দেন রাষ্ট্রসংলাপ আন্দোলন (এসডিআরপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস।
আবেদনকারীদের অভিযোগ, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনা ও সহযোগিতায় আন্দোলনকারীদের ওপর হামলা, গুম এবং নির্যাতনের মতো ঘটনাগুলো সংঘটিত হয়েছে। আল নূর মোহাম্মদ আয়াস জানান, এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হলেও আন্দোলনকারীদের ওপর নির্যাতন দমনে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি।
আবেদনে ময়মনসিংহের নওয়াব রোড এলাকা থেকে আল নূর মোহাম্মদ আয়াসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটিও উল্লেখ করা হয়েছে। তিনি জানান, তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ-মুখ বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। বর্তমানে চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও তিনি তৎকালীন রাষ্ট্রপতির এই দমন-পীড়নে ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানিয়েছেন।
আবেদনকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন।

