প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানে করে ঢাকায় ফিরছেন। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত জগলুল পাশা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে রয়েছে রাজধানীর গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা।
এছাড়া ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরির ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

