কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কারা অধিদপ্তরের একটি সূত্র।

বনানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হলেন। এর আগে তাকে পৃথক আটটি মামলায় জামিন দেওয়া হয়েছিল। তবে বনানী থানার মামলায় তাকে গ্রেফতারের জন্য তদন্ত কর্মকর্তা গত ২ জুলাই আদালতে আবেদন করেন এবং ৮ জুলাই তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। পরবর্তীতে ৯ আগস্ট তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ আগস্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। জামিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এই ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় মামলাটি দায়ের করেছিলেন।