মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প বর্তমানে এক ব্যস্ত পর্যটন গ্রামের রূপ নিয়েছে। বসন্তের পর্বতারোহণ মৌসুমে হাজারো পর্বতারোহী, গাইড ও সহায়ক কর্মীর সমাগমে সেখানে এসপ্রেসো ক্যাফে, বড় পর্দার টেলিভিশন, উচ্চগতির ইন্টারনেট, গরম পানির ঝরনা ও তাঁবুর মেঝে গরম রাখার মতো আধুনিক সব সুবিধা গড়ে উঠেছে। তবে এই জনসমাগম ও আধুনিক ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে হিমবাহের ওপর। নতুন এক গবেষণায় দেখা গেছে, বেস ক্যাম্পে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি পোড়ানো এবং সরাসরি হিমবাহের ওপর ফেলা মানুষের প্রস্রাব থেকে তৈরি তাপ প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলিয়ে ফেলছে। রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ সাময়িকীতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৫০ দিনের বসন্ত মৌসুমে ক্যাম্পের প্রায় ১ হাজার ৬০০টি তাঁবু সচল রাখতে প্রচুর জ্বালানি ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ছিল ৮২৪টি এলপিজি সিলিন্ডার, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রল। রান্না, তাঁবু গরম রাখা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এসব জ্বালানি পোড়ানো হয়। গবেষকেরা হিসাব করে দেখেছেন, জ্বালানি পোড়ানো ও মানুষের প্রস্রাব থেকে সৃষ্ট মোট তাপের পরিমাণ ছিল ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল। এই তাপের প্রভাবে আনুমানিক ২ হাজার ৪৯২ টন বরফ ও তুষার গলে যেতে পারে, যার সীমা ১ হাজার ৯৬৪ থেকে ৩ হাজার ২০ টন পর্যন্ত হতে পারে। এই পরিমাণ গলে যাওয়া বরফ থেকে তৈরি পানি একটি অলিম্পিক মাপের সুইমিং পুল, ৮৩টি পানিবাহী ট্যাংকার কিংবা ১৬ হাজার ৭০০টি সাধারণ বাথটাব পূর্ণ করার জন্য যথেষ্ট।
শুধু প্রস্রাবের প্রভাবও বেশ উদ্বেগের কারণ। উচ্চতায় পানিশূন্যতা এড়াতে পর্বতারোহী ও গাইডরা প্রচুর পানি পান করেন, যার ফলে প্রতিদিন প্রায় ৬ হাজার লিটার প্রস্রাব তৈরি হয়। যদিও কঠিন বর্জ্য সংগ্রহ করে নিচে নামানো হয়, কিন্তু অধিকাংশ প্রস্রাব সরাসরি হিমবাহের ওপর ফেলা হয়। গবেষকদের হিসাবে, কেবল প্রস্রাবের তাপে একটি মৌসুমে প্রায় ১৫৪ টন বরফ গলে যেতে পারে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ১৯৯১ থেকে ২০২৩ সালের ল্যান্ডস্যাটের তথ্য বিশ্লেষণেও দেখা গেছে, বেস ক্যাম্প এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা বছরে গড়ে ০ দশমিক ২৮ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে, যা আশপাশের খুম্বু হিমবাহের তাপমাত্রা বৃদ্ধির হারের প্রায় অর্ধেক।
গবেষকেরা জানিয়েছেন, এই হিসাবে হেলিকপ্টার চলাচল, পর্বতারোহীদের শরীরের তাপ এবং সরঞ্জাম বহনে ব্যবহৃত ইয়াকের শরীরের তাপ অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের মতে, এভারেস্টের হিমবাহ গলে যাওয়ার প্রধান কারণ এখনো জলবায়ু পরিবর্তন। তবে দ্রুত গলে যাওয়া একটি হিমবাহের ওপর প্রতিবছর হাজারো মানুষকে জড়ো করা টেকসই নয়। দীর্ঘ মেয়াদে বেস ক্যাম্পটি হিমবাহ থেকে সরিয়ে কাছাকাছি কোনো স্থিতিশীল এলাকায় নেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলে তারা মত দিয়েছেন।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৩২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৩৬

