'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব সমাবেশ ও র্যালি বের করার মাধ্যমে এই উৎসবমুখর কর্মসূচির সূচনা করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। আলোচনা সভার সমাপনী অংশে নিবন্ধিত যুব সংগঠনগুলোর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি যুব উন্নয়ন কার্যক্রমের ওপর বিশেষ প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ঘোষিত সূচি অনুযায়ী কর্মসূচির দ্বিতীয় দিন আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষের জন্য রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। আয়োজনের শেষ দিন ৩ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। এতে কেয়ার বাংলাদেশের অংশীদার সংস্থা 'দ্য আর্থ সোসাইটি' তাদের ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং (আর্ন) প্রকল্পের আওতায় উপস্থিত যুবসমাজকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নতুন কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য অবহিত করে।

