রাজধানীতে মাদকের ভয়াবহ বিস্তার: পুলিশ কর্মকর্তার ফ্ল্যাটে মাদক আসর

রাজধানীতে মাদকের বিস্তার বর্তমানে চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বস্তির অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকার বিলাসবহুল ফ্ল্যাট পর্যন্ত সর্বত্রই চলছে মাদকের কারবার ও সেবন। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও আইসের মতো মাদক এখন অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে। ভয়ের বিষয় হলো, মাদকসংশ্লিষ্ট অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নামও সরাসরি উঠে আসছে। পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া ফ্ল্যাটে মাদকের আসর বসার ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগেও ইয়াবাসহ পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে, যাদের দায়িত্ব মাদক নিয়ন্ত্রণ করা, তারাই যদি অপরাধে জড়িয়ে পড়েন, তবে এই পরিস্থিতি সামাল দেওয়া কতটা সম্ভব?

রাজধানীর একটি অভিজাত এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের একটি বিলাসবহুল থ্রিপ্লেক্স বাড়িতে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ মোট ৮৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারী ছিলেন। ডিবি সূত্র জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হলেও সেখানে নিয়মিত মাদকের আসর ও অবৈধ ডিজে পার্টির আয়োজন করা হতো।

এর আগে ২৩ আগস্ট ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলামকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। এছাড়া ২৭ সেপ্টেম্বর ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার হন পুলিশ কনস্টেবল রেজাউল করিম। রাজধানীর কাওরান বাজার রেললাইন বস্তি, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ দীর্ঘদিনের। সাভারের বিভিন্ন স্থানেও মাদক কারবার চলছে। জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটছে নিয়মিত।

সম্প্রতি গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক গুলিবিদ্ধ হন। এরপর ঘুণ্টিঘর রেলস্টেশন ও মুন্সিরটেক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) যৌথ অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয় এবং মাদক সেবনের অবৈধ ঝুপড়িগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে গেন্ডারিয়ায় শনিবার বিকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে অস্ত্র উঁচিয়ে চালানো মাদকবিরোধী অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে সোমবার তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, শুধু বিচ্ছিন্ন অভিযানে মাদক নির্মূল সম্ভব নয়, কারণ এর পেছনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। রাজনৈতিক ছত্রছায়া ও কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় এই অবৈধ ব্যবসা টিকে আছে। খুচরা বিক্রেতা গ্রেফতার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ এখন মূল গডফাদার ও নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বশক্তি দিয়ে কাজ করছে।