দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৩ জনের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের সদস্যদের ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনকে ১৪ লাখ টাকা প্রদান করা হয়। শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন। সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় দিনাজপুর সার্কেলের এই ৭৩ জন ক্ষতিগ্রস্তকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর ই আলম সিদ্দিকী এবং এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান এবং দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে আরও জানানো হয়, দিনাজপুর সার্কেলে এ পর্যন্ত মোট ২৯৮টি আবেদন পাওয়া গেছে এবং এর মধ্যে ২৪১ জন ক্ষতিগ্রস্তের অনুকূলে মোট ১০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার পর প্রিয়জন হারানোর শূন্যতা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়, তবে এই সহায়তা শোকাহত পরিবারগুলোর জন্য বিপন্ন সময়ে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

