ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

রাজধানীর ঢাকা কলেজে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই উত্তেজনার সূত্রপাত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে পরে পুলিশ ক্যাম্পাসে উপস্থিত হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ অভিযোগ করেন, তাদের পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি ২-এর সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। তিনি দাবি করেন, এতে তাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং আব্দুল মালেক নামে একজনের মাথা ফেটে যাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী এ হামলা চালায়।

অন্যদিকে, ছাত্রদলের কর্মী রাসেল দাবি করেন, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগতরা ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক কথাবার্তা বলেন এবং ছাত্রদলের এক কর্মীকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। এরপর শিবিরের নেতাকর্মীরা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পাসের ভেতরে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ থেকে বেরিয়ে যান এবং ছাত্রদলের কর্মীরা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।