ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, এডিস মশার প্রজনন রোধে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা বাড়ির ছাদে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই সপ্তাহে অন্তত একদিন নিজের বাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সদর উপজেলার লিংক রোডসংলগ্ন দক্ষিণ সস্তাপুর ইসলামী ফাউন্ডেশন ও ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন এলাকায় জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সময়ে শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের সব দপ্তর, সাতটি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

জেলা প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এই অভিযানে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট, রোভার, লজিক অব বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জলাবদ্ধতা দূর করতে ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি বাড়ির আঙিনা পরিষ্কার রাখা জরুরি। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। অভিযান শেষে ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয় এবং সাধারণ মানুষের রাত্রিকালীন যাতায়াত নির্বিঘ্ন করতে সোলার লাইট স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, জেলা ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি শনিবার নারায়ণগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।