বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিমানে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই মার্কিন প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে কোনো ধরনের বাইরের চাপ বা কাউকে খুশি করার চেষ্টার বিষয়টি তিনি দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরবিষয়ক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বোয়িং কেনার চুক্তিটি একটি উন্মুক্ত প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। এখানে কোনো গোপন এজেন্ডা নেই। তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হোয়াইট হাউসের নির্দেশে যুক্তরাষ্ট্রের চারজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। মূলত বাংলাদেশের নিজস্ব চাহিদা পূরণের লক্ষ্যেই এই উড়োজাহাজ কেনা হচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশ বোয়িংয়ের ভারী বিমান ব্যবহার করে আসছে এবং বর্তমানে দেশের মিশ্র বহরের প্রয়োজনীয়তা রয়েছে।

চলতি বছরে ঢাকা বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এর মধ্যে গত এপ্রিলে প্রাথমিক পর্যায়ে ১৪টি বিমান কেনার চুক্তি হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরকালে গত ২২শে সেপ্টেম্বর আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর চারদিনের নিউ ইয়র্ক সফরের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই সফরে প্রধানমন্ত্রী ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ বিতর্কে ভাষণ দেওয়া ছাড়াও সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য এবং ১১টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রী এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে তিনি জানান।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের সচিব এম. ফরহাদুল ইসলাম এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ. কে. এম. শহীদুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।