ভারতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়ে দেশজুড়ে বিতর্কের রেশ ধরে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত এই কর্মসূচিকে আয়োজকরা ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিক্ষোভস্থলে সিজেপি নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে উপস্থিত হন জনপ্রিয় মুখ ধ্রুব রাঠী ও অভিনেতা প্রকাশ রাজ। কর্মসূচিকালে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগের সমর্থনে বিভিন্ন ভিডিও প্রমাণও তুলে ধরা হয়।
বিক্ষোভের অংশ হিসেবে একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভুক্তভোগীরা তাদের উদ্বেগ ও অভিজ্ঞতার কথা বর্ণনা করবেন। আয়োজকরা জানিয়েছেন, এর পরবর্তী ধাপে ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুড়ে প্রতিবাদের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করা হবে।
ফ্রিডম পার্কে উপস্থিত হয়ে অভিনেতা প্রকাশ রাজ বলেন, তারা দেশের ভোটারদের অপমান করেছে। তিনি অভিযোগ করেন, পাঁচ বছরে মাত্র একবার রাজনীতিবিদরা সাধারণ মানুষের কাছে আবেদন নিয়ে আসেন, আর এখন নিজেদের ভোটের অধিকার রক্ষার জন্য সাধারণ মানুষকে কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।
এর আগে বুধবারই প্রকাশ রাজ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে ধ্রুব রাঠীও তার অংশগ্রহণ নিশ্চিত করেন। এছাড়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ যুব ও নাগরিক সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সিজেপি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর দাবি, এসআইআর কার্যক্রমের ফলে ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাতিল করে আগের ভোটার তালিকা বহাল রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছেন। তাদের অভিযোগ, এসআইআর কার্যক্রমকে ‘ভোট চুরি’র কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

