ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ সবসময় বিভক্তির পরিবর্তে সংলাপ এবং মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বের পথ বেছে নিতে আগ্রহী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে এআরএফ সদস্য দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গত প্রায় এক দশক ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এই দীর্ঘস্থায়ী সংকট কেবল মানবিক দায়িত্বের বিষয় নয়, বরং এটি মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের মতো আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে, যা বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন করা হয়েছে, যা একটি রাজনৈতিক ব্যর্থতার ফল এবং এর সমাধানও রাজনৈতিকভাবেই হতে হবে। তিনি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে এআরএফভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই সংলাপ ও কূটনীতিকে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতার প্রতিশ্রুতি বজায় রাখবে বলে জানান। তিনি দুর্যোগ ত্রাণবিষয়ক এআরএফ আন্তঃসেশনাল বৈঠকের সহ-সভাপতি হিসেবে সক্ষমতা বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।
প্রযুক্তিগত বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাইবার নিরাপত্তা হুমকি, ভ্রান্ত তথ্যের প্রসার এবং প্রযুক্তির অপব্যবহার রোধে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি একটি আঞ্চলিক প্রযুক্তি সুশাসন কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন। পরিশেষে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

