প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। রক্তঝরা জুলাইয়ের গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গাটি এখন এক নির্মম বাস্তবতার মুখোমুখি। গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলো এখন কিছু অসাধু পুলিশ সদস্য ও দালালচক্রের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে, যা সারা দেশে এক নজিরবিহীন 'গ্রেফতার বাণিজ্য' হিসেবে দেখা দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, হত্যাচেষ্টা ও অন্যান্য অপরাধে মোট ১ হাজার ৮৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৮০৩টি। প্রাপ্ত হিসাবে দেখা যায়, গত দুই বছরের বেশি সময়ে ১৮ দশমিক ৭ শতাংশ মামলা মাত্র নিষ্পত্তি (ফাইনাল রিপোর্ট ও চার্জশিট) হয়েছে। এ হিসাবে ৮১ দশমিক ৩ শতাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি। অপরদিকে হত্যা মামলা হয়েছিল ৮০৩টি, এগুলোর মধ্যে ১৪৭টি নিষ্পত্তি (ফাইনাল রিপোর্ট ও চার্জশিট) হয়েছে। হত্যা এবং অন্যান্য মিলিয়ে মোট চার্জশিট দেওয়া হয়েছে ২৭০টি মামলায়। এর মধ্যে ৯৪টি হত্যা মামলায় চার্জশিট হয়েছে। সব মিলিয়ে চার্জশিটভুক্ত আসামির সংখ্যা ২১ হাজার ৩৯৬ জন।
ভুক্তভোগীদের অভিযোগ, মামলার এজাহারভুক্ত আসামিদের রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বা অজ্ঞাতনামা আসামির ভয় দেখিয়ে প্রভাবশালী মহল ও দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। সচ্ছল ব্যবসায়ী, চাকরিজীবী, সাবেক রাজনৈতিক নেতাকর্মী বা প্রবাসী পরিবারের সদস্যরা এই চক্রের মূল লক্ষ্য। থানায় দরকষাকষির মাধ্যমে টাকা দিলে মিলছে 'নির্দোষ' সার্টিফিকেট, অন্যথায় তাদের আদালতে চালান করে দেওয়া হচ্ছে।
এমনই এক ভুক্তভোগী জানান, আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল। পরিবার ৫ লাখ টাকা জোগাড় করে একজনকে মুক্ত করলেও, অন্য ভাইকে নতুন মামলায় জড়ানোর হুমকি দিয়ে আরও ২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। ভাটারা থানার তৎকালীন ওসি রাকিবুল হাসান এ বিষয়ে জানান, তিনি সুনির্দিষ্ট কোনো ঘটনা মনে করতে পারছেন না এবং সরাসরি কাউকে গ্রেফতার না করার দাবি করেন।
বর্তমানে ১ হাজার ৫২৮ মামলার তদন্ত চলমান। তদন্তাধীন মামলাগুলোর মধ্যে হত্যা মামলা ৬৫৬টি। হত্যা মামলা ছাড়া হত্যাচেষ্টাসহ অন্যান্য মামলা নিষ্পত্তি হয়েছে ২০৫টি। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে ১৭৬টিতে। আর ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে ২৫টি মামলায়। হত্যা মামলায় সাত হাজার ৫২৫ জন এবং অন্যান্য মামলায় ১৩ হাজার ৮৭১ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সব মিলিয়ে চার্জশিটভুক্ত আসামির সংখ্যা ২১ হাজার ৩৯৬ জন। কারাগার থেকে জামিনে মুক্তির ক্ষেত্রেও চলছে চরম হয়রানি। জামিন পাওয়ার পর কারামুক্তির জন্য পাঁচ ধাপের প্রক্রিয়া পার হতে হয়, যেখানে ঘুষের টাকা না দিলে ফাইল আটকে রাখা হয়। এই সুযোগে অন্য থানায় নতুন মামলা সাজিয়ে 'শ্যোন অ্যারেস্ট' দেখানো হচ্ছে। ঢাকার শাহজাহানপুরের এক মাংস ব্যবসায়ী ও সিলেটের দুই যুবকের ঘটনা এর বড় প্রমাণ। এমনকি টাকা দেওয়ার পরও 'উপর মহলের চাপ' রয়েছে দাবি করে পুলিশ অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করে না।
পুলিশের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, শুরুতে বাদীদের পক্ষ থেকে এ ধরনের বাণিজ্যের বিষয়টি পুলিশের নজরে আসার পর তা বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, ঝুলে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করার জন্য মাঠপর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু অসাধু সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

