বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং আধুনিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার সফরকালে তিনি একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত একটি সিমুলেটর ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং ১০০ মিটার ফায়ারিং রেঞ্জের সার্বিক ফায়ারিং প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনসূচির অংশ হিসেবে মহাপরিচালক একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে তিনি অর্পিত দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা, শৃঙ্খলারক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং আন্তঃসাংগঠনিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে তিনি ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে একটি দিকনির্দেশনামূলক লেকচার প্রদান করেন। এ সময় বাহিনীর সাংগঠনিক কাঠামো, মূল লক্ষ্য ও জননিরাপত্তা রক্ষায় আনসারের ভূমিকা তুলে ধরে তিনি ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি ও টিডিপির কার্যক্রম এবং তাদের পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব বিস্তারিত ব্যাখ্যা করেন। প্রশিক্ষণার্থীদের সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় মহাপরিচালক হস্ত ও কারুশিল্পের নানা প্রকল্প এবং সেগুলোর উৎপাদন কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় বিভিন্ন পদের খাবার প্রস্তুতের পাশাপাশি কফি ও জুস তৈরির প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন তিনি। সেখানে নিয়মিত অনুশীলন ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের তাগিদ দেওয়া হয়। অর্জিত এই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল গঠনে অবদান রাখার নির্দেশনাও দেন তিনি। অন্যদিকে ড্রাইভিং সিমুলেটর পরিদর্শনের সময় আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন মহাপরিচালক।
প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে মহাপরিচালক সৌরবিদ্যুৎ ব্যবহার করে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ঘুরে দেখেন। সফরকালে তিনি স্টাফদের আবাসিক এলাকা, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স এবং অরণ্য রিসোর্টও পরিদর্শন করেন। আধুনিক প্রশিক্ষণ পরিবেশ সুনিশ্চিত করতে বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। আনসার ও ভিডিপি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মহাপরিচালকের এ সফর ও দিকনির্দেশনা প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা জোরদারে চলমান উদ্যোগকে আরও গতিশীল করবে।

