পাঁচ দিন ধরে বৃষ্টির পূর্বাভাস, জলমগ্ন রাজধানীর বিভিন্ন সড়ক

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রবিবার ভোর ৪টার দিকে ঢাকায় বৃষ্টি শুরু হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতা বৃদ্ধি পায়। সকাল প্রায় সাড়ে ৯টা পর্যন্ত চলা এই বৃষ্টিতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জলজট মাড়িয়েই অনেক পথচারীকে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বৃষ্টির কারণে সকালের শিফটের বেশ কয়েকটি স্কুলের ক্লাসও বাতিল করা হয়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২০ মিলিমিটার। এই বৃষ্টিপাত রবিবার ও সোমবার থেমে থেমে অব্যাহত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া রবিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।