কক্সবাজারের মেরিন ড্রাইভ–সংলগ্ন টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কাঠের অবকাঠামোয় তৈরি এই রিসোর্টটিতে আগুন লাগার ঘটনাটি ঘটে। এর আগে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে গত এপ্রিলে নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। নির্দেশনা অমান্য করায় পরের মাসের ১৩ তারিখে তাদের এক লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন জানান, ১৯৯৯ সালে মেরিন ড্রাইভ–সংলগ্ন সৈকত এলাকাকে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকা ঘোষণা করে। টুপটুপসহ অনেক রিসোর্ট ইসিএ এলাকায় গড়ে তোলা হয়েছে। ছাড়পত্র পাওয়ার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের নকশার অনুমোদন এবং বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকা বাধ্যতামূলক থাকলেও টুপটুপ রিসোর্টের তা ছিল না। তিনি আরও জানান, এসব স্থাপনা বন্ধের উদ্যোগ নিলে অনেক সময় রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে, কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের দুই পাশে প্রায় ১৫০টি অবৈধ হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিন জানান, তিনি চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর রিসোর্টটিকে দুই দফায় ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল। আগামী সপ্তাহ থেকে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোকে জরিমানা বা নোটিশ দেওয়া সম্ভব হলেও উচ্ছেদ বা বন্ধ করার আইনি এখতিয়ার তাদের নেই। এই ক্ষমতা কেবল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হাতে রয়েছে। ইসিএ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১৪টি রিসোর্টকে এ পর্যন্ত জরিমানা করা হয়েছে এবং আরও অনেককে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে সাম্পান বিচ রিসোর্টকে ১ লাখ ৬০ হাজার টাকা, নিসর্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে চার লাখ টাকা, সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পাকে ৪ লাখ ৩৮ হাজার টাকা, জিডি সমুদ্র বিলাসকে ৭ লাখ ৫০ হাজার টাকা, উখিয়ার সি পার্লস বীচ রিসোর্টকে এক লাখ টাকা, টেকনাফের জাহাজপুরা ক্যাসলকে এক লাখ এক হাজার টাকা, মায়াবী বীচ রিসোর্টকে ১ লাখ ৬০ হাজার টাকা এবং টাইটান হোটেলকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল জানা ডাডাকে দুই লাখ টাকা ও হোটেল স্যুট সাদাফকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হিমছড়ি এলাকার বে হিল, বে ফ্রেন্ডস রিসোর্ট, সাম্পান রিসোর্ট, মারমেইড ক্যাফে, আরনিম রিসোর্ট, ছুটি রিসোর্ট, হোটেল ইনানী লং বে এবং ওশান পার্ল হোটেল অ্যান্ড রিসোর্টকেও নোটিশ দেওয়া হয়েছে। এর বাইরে নামহীন নির্মাণাধীন তিনটি হোটেলকে নোটিশ এবং একটির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
এসবের কোনোটিই টুপটুপ রিসোর্ট কর্তৃপক্ষের ছিল না বলে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান।.কক্সবাজারের মেরিন ড্রাইভের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভের দুই পাশে আরও ১৪৫টি হোটেল, মোটেল ও রিসোর্ট আছে বলে জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

