টঙ্গীতে দুই শিশুকে যৌন নিপীড়ন: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার ও জেলহাজতে

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গাজীপুর আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।

গ্রেপ্তার হওয়া শিক্ষক ইব্রাহিম খলিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি টঙ্গীর মুদাফা বিশারটেক এলাকার হাজী কালু মিয়া মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন। মাদরাসার ভেতরেই বৃহস্পতিবার দিবাগত রাতে শ্লীলতাহানির ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজী কালু মিয়া মহিলা মাদরাসার শিক্ষক ইব্রাহিম খলিল প্রায়ই নাবালিকা শিশুদের উত্ত্যক্ত করতেন। গত বুধবার তিনি প্রথম শ্রেণীর এক ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে একই শ্রেণির আরেক ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করেন তিনি। পরে ভুক্তভোগী শিশুটি মাদরাসা ছুটি শেষে বাড়ি ফিরে তার অভিভাবকদের বিষয়টি খুলে বলে।

can ঘটনাটি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখানে ভাঙচুর চালান। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এরপর শুক্রবার দুপুরে থানায় মামলা দায়েরের পর তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।