টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীটির পানি এখন বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ডালিয়া পয়েন্টে পানির এই উচ্চতা রেকর্ড করা হয়। সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। এর আগে সকাল ৬টার দিকেও পানি একই উচ্চতায়, অর্থাৎ বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানিয়েছেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, সকাল ৬টা থেকে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কমে আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

